মহেশখালীতে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। গতকাল বুধবার সন্ধ্যায় মহেশখালী উপজেলার বড়মহেশখালী জাগিরাঘোনা এলাকায় তাঁকে কোপানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।
নিহত ওই যুবকের নাম মনোয়ার কায়সার ওরফে রুবেল (৩৬)। তিনি ওই এলাকার মুক্তিযোদ্ধা আবু জাফরের বড় ছেলে। এ ঘটনায় আটক দুজন নারী হলেন কাজল বেগম (২৭) ও হালিমা বেগম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি রাস্তার মাঝখানে একটি গাছকে কেন্দ্র উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবু জাফরের সঙ্গে তাঁর প্রতিবেশী মোহাম্মদ আলমের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তি করার জন্য কয়েকবার স্থানীয়ভাবে বৈঠক বসলেও কোনো সুরাহা হয়নি। এ নিয়ে সাত দিন আগে মুক্তিযোদ্ধা আবু জাফর মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য দুই পক্ষের লোকজন নিয়ে থানায় বৈঠক শেষে গাছটি কাটার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় আবু জাফরের ছেলে মনোয়ার কায়সার বাড়ি থেকে উঠানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলে মনোয়ার গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই যুবক নিহত হওয়ার খবর পেয়ে আজ সকালে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে একদল পুলিশ এলাকায় অভিযান চালায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আলমের স্ত্রী কাজল বেগম (২৭) এবং হালিমা বেগম (২২) নামের অপর এক নারীকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, তাৎক্ষণিকভাবে এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।