মহেশখালীতে যুবককে গলা কেটে হত্যা
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গলা কেটে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় সন্ত্রাসীদের ছররা গুলিতে আহত হয়েছেন চার পথচারী।
নিহত যুবকের নাম, নুরুল আবছার। তিনি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পূর্ব কালাগাজির পাড়ার মৃত আবুল কালামের ছেলে। খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
মহেশখালী থানা-পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার দুই সন্ত্রাসী বাহিনী জোনাব আলী ও মোহাম্মদ জালালের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে কালাগাজির পাড়া বাজারে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন জালালের চাচাতো ভাই নুরুল আবছার। এ সময় প্রতিপক্ষের লোকজন প্রথমে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা নুরুলকে আটক করে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে চার পথচারী আহত হন। তাঁরা হলেন: মকছুদ আহমদ (২৮), মোহাম্মদ ইসমাইল (৩২), মোহাম্মদ ছৈয়দ (২৬) ও আবুল কাসেম (২৮)।
পুলিশ জানিয়েছে, বিরোধের জের ধরে এই দুই গ্রুপের মধ্যে আগেও বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৯ ডিসেম্বর ভোরে দুই বাহিনীর মধ্যে গোলাগুলিতে জোনাব আলীর ছেলে কায়সার গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী বাহিনী জোনাব আলী ও মোহাম্মদ জালালের বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই জালালের চাচাতো ভাই নুরুলকে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রদীপ কুমার দাশ আরও বলেন, নিহত নুরুল আবছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। থানায় তাঁর বিরুদ্ধে হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে।