মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে গত বুধবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে মোহাম্মদ রিদুয়ান (২৮) নামের এক যুবককে হত্যা করেছে। এ সময় ছররা গুলিতে লবণ ব্যবসায়ী রমজান আলী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রমতে, এলাকার আধিপত্য বিস্তার, লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে নোনাছড়ি এলাকার মোহাম্মদ আলী ও আবদুল করিম ওরফে বদাইয়্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ আলীর পক্ষের আবদুল গফুর নিহত হন। পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল করিমের পক্ষের মোহাম্মদ খলিল মারা যান। এ ঘটনার পর থেকে আবদুল করিম তাঁর লোকজন নিয়ে বসতবাড়ি ছেড়ে পালিয়ে যান।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি আবদুল করিম আবারও এলাকায় আসার জন্য তৎপরতা শুরু করেন। গত বুধবার রাত ১০টার দিকে তাঁর পক্ষের লোকজন নোনাছড়ি বাজারে মোহাম্মদ আলীর পক্ষের রমজান আলীর কার্যালয়ে গিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাঁর কর্মচারী রিদুয়ানের মাথায় আঘাত করে। পরে সন্ত্রাসীরা গুলি করে রিদুয়ানকে হত্যা করে।
নিহত রিদুয়ানের বাড়ি কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া এলাকায়।
মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) শাওন দাশ বলেন, রিদুয়ানের মাথায় ও ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পাশাপাশি তাঁর কপাল, বুক ও হাঁটুর ওপরে গুলির আঘাতের ছয়টি চিহ্ন দেখা গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, আবদুল করিমের লোকজন কুপিয়ে ও গুলি করে রিদুয়ানকে হত্যা করেছে।