মহেশখালীতে লবণচাষিকে কুপিয়ে হত্যা, আটক ১
কক্সবাজারের মহেশখালীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক লবণচাষিকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরঝাপুয়ার পশ্চিমে নয়াঘোনা লবণ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত জয়নাল আবেদীনের (৪২) বাড়ি উত্তরঝাপুয়ায়।
স্থানীয় সূত্র জানায়, প্রায় সাড়ে ১৫ একর লবণ মাঠের জমি নিয়ে উত্তরঝাপুয়ার লবণচাষি জয়নাল আবেদীনের সঙ্গে একই এলাকার মোহাম্মদ তৌহিদের বিরোধ চলে আসছিল। তৌহিদ তাঁর লোকজন নিয়ে কয়েকবার লবণ মাঠের জমি দখলের চেষ্টা চালান। এ ব্যাপারে গত রোববার জয়নালের ছোট ভাই মাহমুদুল হক মহেশখালী থানায় লিখিত অভিযোগ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযোগ তদন্ত করতে গতকাল দুপুরে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার ঘণ্টা তিনেক পর প্রতিপক্ষের লোকজন নয়াঘোনা লবণ মাঠে গিয়ে জয়নালের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে আত্মীয়স্বজন জয়নালকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে জয়নালকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, লবণ মাঠের জমির মালিকানা নিয়ে জয়নাল আবেদীন ও তৌহিদের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে জয়নালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় অভিযান চালিয়ে টিপু সুলতান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।