মহেশখালীতে শিক্ষকের মাথায় 'ছাত্রের হাতুড়ির আঘাত'
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদ (৪৫) হামলায় আহত হয়েছেন। বিদ্যালয়ের এক ছাত্র তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয় সূত্রের ভাষ্যমতে, সম্প্রতি স্কুলের দশম শ্রেণির এক ছাত্র এক ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী শিক্ষক মোস্তাক আহমদের কাছে এ ব্যাপারে অভিযোগ করে। পরে শিক্ষক মোস্তাক ওই ছাত্রকে অফিসকক্ষে ডেকে এনে বেত্রাঘাত করে শাস্তি দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মাতারবাড়ীর নয়াপাড়া এলাকায় শিক্ষক মোস্তাকের ওপর হামলা চালায় ওই ছাত্র। ওই ছাত্র হাতুড়ি দিয়ে শিক্ষকের মাথায় আঘাত করে। এতে শিক্ষক মোস্তাক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোস্তাকের চাচাতো ভাই জালাল আহমদ বলেন, তাঁরা মোস্তাকের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। কক্সবাজার শহর থেকে মহেশখালী ফেরার পর তাঁরা থানায় লিখিত অভিযোগ দেবেন।
মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা খান বলেন, শিক্ষকের ওপর ছাত্রের হামলা অত্যন্ত দুঃখজনক। ওই ছাত্রের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শনিবার (আজ) শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, এ ব্যাপারে তাঁরা লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।