কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, আট শতক জমি নিয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনার বাসিন্দা মো. আবদুল কাদের ও বাদশাহ মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বিকেলে বাদশাহ মিয়ার লোকজন ওই জমি দখল করতে গেলে আবদুল কাদেরের লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আবদুল কাদের, আবদুল মালিক, আবদুল জব্বার, আবদুস সাত্তার, আনোয়ারা বেগম, রাশেদ উদ্দিন ও মাহমুদুল করিমকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের বিষয়ে মো. আবদুল কাদের ও বাদশাহ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’