মহেশখালীতে সন্ত্রাসী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার ভোররাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় মোহাম্মদ মোস্তাক (৩২) নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উপপরিদর্শক ফরিদ আহমদসহ চার পুলিশ সদস্য আহত হন।
পরে পুলিশ মোস্তাকের আস্তানা থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কিরিচ ও চারটি কার্তুজ উদ্ধার করে। আহত মোস্তাককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী থানার উপপরিদর্শক মোহাম্মদ আবু জাফর জানান, গত শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া বাজার থেকে তিনটি হত্যা মামলার পলাতক আসামি সন্ত্রাসী মোস্তাককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাঁর স্বীকারোক্তিমতে একদল পুলিশ গতকাল ভোররাত চারটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায়। এ সময় পুলিশ সদস্যরা চালিয়াতলি গোলাম কুদ্দুসের খামারবাড়ির পশ্চিমে পাহাড়ি এলাকায় পৌঁছালে মোস্তাককে ছাড়িয়ে নিতে সন্ত্রাসী দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মোস্তাক গুরুতর আহত হন। এ সময় উপপরিদর্শক ফরিদ আহমদ (৪৫), পুলিশ সদস্য(কনস্টেবল) আবদুল মান্নান (৫২), আরিফ হোসেন (২২) ও শহিদুল ইসলাম (৩২) আহত হন। আহত চার পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, সন্ত্রাসী মোস্তাককে ছাড়িয়ে নিতে তাঁর দলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষে ১২টি গুলি ছোড়া হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মোস্তাক গুরুতর আহত হন। আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, অস্ত্র উদ্ধার ও চার পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় গতকাল দুপুরে সন্ত্রাসী মোস্তাকের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে।