মহেশখালীতে সৈকত বৌদ্ধবিহারে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার রাতে কেন্দ্রীয় সৈকত বৌদ্ধবিহারে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা দুটি মূর্তি ও টাকাসহ অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে কর্তৃপক্ষের দাবি।
বৌদ্ধ সমিতির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সৈকত বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জেমশেন বড়ুয়া বলেন, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নল বিলায় কেন্দ্রীয় সৈকত বৌদ্ধবিহার অবস্থিত। সোমবার গভীর রাতে সেখানে সংঘবদ্ধ চোরের দল চুরি সংঘটিত করে। তারা প্রথমে বিহারের পশ্চিম ও উত্তর পাশের দুটি জানালার গ্রিল বাঁকা করে বৌদ্ধবিহারের ভেতরে ঢোকে। পরে আলমারি ভেঙে ১ লাখ ৪৭ হাজার ৪৩৫ টাকা, ২০টি কম্বল, অষ্ট ধাতুর দুটি বৌদ্ধমূর্তি, ৩৫টি থালা ও বিহারের জায়গা-জমির মূল্যবান কাগজপত্র নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ বড়ুয়া অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন বলেন, বৌদ্ধবিহারে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। চোরাই মালামাল উদ্ধার ও এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য পুলিশ নানাভাবে চেষ্টা চালাচ্ছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।