মহেশখালীতে সড়ক কার্পেটিংয়ে অনিয়ম!
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর ও জনতাবাজার সড়কে কার্পেটিং কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কার্পেটিং করায় সড়কের দীর্ঘস্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে মহেশখালী উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান র্যাব আরসি প্রাইভেট লিমিটেডকে দুই দফা কারণ দর্শানো নোটিশ দিলেও জবাব মেলেনি। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ বন্ধ রাখার জন্য প্রকৌশল অফিস থেকে বারবার হলেও এসব কিছু তোয়াক্কা না করেই ঠিকাদার তাঁর লোকজন নিয়ে কাজ চালাচ্ছেন। বাধ্য হয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয় গত সোমবার থেকে সড়ক সংস্কারকাজে নিয়োজিত তদারকি কর্মকর্তা ও তাঁর সহকারীদের সরিয়ে নেন।
প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গোরকঘাটা-শাপলাপুর ও জনতাবাজার ২৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৪ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৯ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেন। দরপত্রের মাধ্যমে সংস্কারকাজের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান র্যাব আরসি প্রাইভেট লিমিটেড।
সড়কের দুই পাশে মাটি, কার্পেটিং, কালভার্ট, ক্রস ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণ করার কথা। দরপত্রের কার্যাদেশমতে, ২০১৪ সালের এপ্রিলে শুরু করে ২০১৫ সালের এপ্রিলে সংস্কারকাজ শেষ করার কথা। কিন্তু সংস্কারকাজ ধীর গতির কারণে এখনো তা শেষ করা যায়নি।
গত সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল এলাকায় সড়কে কার্পেটিংয়ের কাজ চলছে। প্রকৌশলীর কার্যালয়ের তদারক কর্মকর্তা (এসও) ও উপসহকারী প্রকৌশলী মিরাজুল ইসলাম বলেন, পাথর কুচি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বিটুমিন দিয়ে কার্পেটিং করার কথা। কিন্তু ঠিকাদারের লোকজন নিম্নমানের বুজুরি ও ইরানি বিটুমিন দিয়ে কার্পেটিং করছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হলেও কাজ হয়নি।
তবে কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিয়মমাফিক সড়কে কার্পেটিং করা হচ্ছে। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রশ্নই ওঠে না। তিনি অভিযোগ করে বলেন, কাজ তদারক করতে গিয়ে প্রকৌশল কার্যালয়ের লোকজন প্রায় সময় টাকা দাবি করেন। কিন্তু তাঁদের দাবিকৃত টাকা দিতে না পারায় উল্টো ভিত্তিহীন অভিযোগ এনে কাজ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ৯০ শতাংশের কাজ শেষ হয়েছে। বাকি কাজ এক মাসের মধ্যে শেষ করা হবে।
মহেশখালী উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে ঠিকাদারকে বলা হলেও কোনো কাজ হচ্ছে না। বর্ষায় বৃষ্টি হলেই নিম্নমানের কার্পেটিং উঠে যাবে।