মহেশখালীতে ১০ কেন্দ্রে সংঘর্ষ গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬৩টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে তিন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম চার ঘণ্টা শান্তিপূর্ণ থাকলেও পরে ওই কেন্দ্রগুলোতে সহিংসতা শুরু হয়। এর মধ্যে বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলি, ককটেল ও বোমা ফাটিয়ে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করেন। ভোটকেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ এনে তিনটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা ও দুটি ইউনিয়নে দুজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি কেন্দ্র দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন কেন্দ্রে পুলিশ অন্তত ৬০টি গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টায় বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষ বাধলে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। বেলা তিনটা পর্যন্ত তিনবার ওই কেন্দ্র দখলের চেষ্টা হয়। সংঘর্ষে উপপরিদর্শক আবু মুছাসহ তিন পুলিশ সদস্য আহত হন।
মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) আবু মুছা বলেন, ভোটকেন্দ্র দখলে নিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা তিনবার হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নয়টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাওলানা শফিউল আলম বেলা একটায় নির্বাচন বর্জন করেন। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী তাঁর লোকজন নিয়ে কেন্দ্র দখল করেন। তাঁর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ অনিয়মের প্রতিবাদে তিনি নির্বাচন বর্জন করেন।
তবে কেন্দ্র দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন।
বেলা একটায় বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই যুবক জাল ভোট দিতে গেলে প্রিসাইডিং কর্মকর্তা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন। এ সময় দুর্বৃত্তরা গুলি ছুড়ে, ককটেল ও বোমা ফাটিয়ে কেন্দ্রের ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করেন। পরে পুলিশ ২০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড় মহেশখালী ইউনিয়নের আরও পাঁচটি ভোটকেন্দ্রের দখলে নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ ও স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হন।
বেলা একটায় হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাইমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ তিনটি কেন্দ্রের দখল নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল ও বিএনপির প্রার্থী এনামুল করিম চৌধুরীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলীসহ অন্তত ২০ জন আহত হন। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপির প্রার্থী এনামুল করিম চৌধুরী নির্বাচন বর্জন করেন।
ছোট মহেশখালী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে পাঁচটি কেন্দ্র দখল করে ভোট কারচুপির অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল মোস্তফা। একই অভিযোগে ধলঘাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আলমও নির্বাচন বর্জন করেন।
ইউপি নির্বাচনের উপজেলা সমন্বয়কারী ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের অভিযোগে একটি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে।