মহেশখালীতে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালীর পাহাড়ে অভিযান চালিয়ে দেশি-বিদেশি ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আজ রোববার ভোররাতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ে কয়েক ঘণ্টা বিশেষ অভিযান চালায় র‍্যাব-৭ কক্সবাজার ইউনিটের একটি দল।

পুলিশ জানায়, মহেশখালীর দুর্গম পাহাড়ে ভ্রাম্যমাণ কারখানা খুলে অস্ত্র তৈরি হচ্ছে—এমন খবরের ভিত্তিতে মেজর রুহুল আমিনের নেতৃত্বে র‍্যাবের একটি দল গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে মহেশখালীর হোয়ানকের একটি পাহাড় ঘিরে ফেলে। আজ রোববার সকাল সাতটা পর্যন্ত র‍্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি ১০টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। এ সময় সেলিম ও এরশাদ নামের স্থানীয় দুজন অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, আটক দুই ব্যক্তির মাধ্যমে পাহাড়ে তৈরি আগ্নেয়াস্ত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সেলিম ও এরশাদ মহেশখালীর ‘সন্ত্রাসী’ ও ২১ মামলার আসামি এনাম বাহিনীর সদস্য।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ কক্সবাজার জোনের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন প্রথম আলোকে বলেন, আজ বিকেলে র‍্যাব আঞ্চলিক কার্যালয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক ব্যক্তিদের ব্যাপারে প্রেস ব্রিফিং করা হবে। সেখানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে।