প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে কুপিয়ে ও গুলি করে মোহাম্মদ রিদুয়ান (২৮) নামের এক যুবককে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
গত শুক্রবার রাতে নিহত রিদুয়ানের বাবা আক্তার কামাল ১৯ জনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৮ থেকে ২০ জনকে।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন গতকাল শনিবার বলেন, গত বুধবার রাতে নোনাছড়ি বাজারে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও গুলি করে মোহাম্মদ রিদুয়ানকে হত্যা করে। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ কারণে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পাহাড়ি এলাকায় অভিযান চলছে।