মহেশখালীতে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেপ্তার ১
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে অভিযান চালিয়ে দেশে তৈরি আটটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় ১৪টি মামলার পলাতক আসামি মো. বেলাল ওরফে জালালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের পরিচালক লে. এস এম সাউদ হোসেন জানান, মহেশখালীর পাহাড়ে অস্ত্র মজুত করছে ডাকাতেরা এমন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল ভোরে পূর্ব কাঁঠালতলী পাহাড়ে অবস্থান নেন। ভোর পাঁচটার দিকে র্যাবের সদস্যরা পাহাড়ে অভিযান চালিয়ে একটি এলজি, চারটি কার্তুজসহ বেলালকে গ্রেপ্তার করেন। এরপর বেলালের স্বীকারোক্তির ভিত্তিতে পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে সাতটি একনলা বন্দুক, সাতটি রাইফেলের গুলি, আটটি বন্দুকের গুলি ও ৩৫টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বেলালের বাড়ি উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব কাঁঠালতলী গ্রামে।
কক্সবাজারে র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাছ ধরার ট্রলার ও ঘরবাড়িতে লুটপাটের জন্য পাহাড়ে অস্ত্র মজুত করা হচ্ছিল।
লে. এস এম সাউদ হোসেন বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার বেলালকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।