মহেশখালীতে 'গোলাগুলিতে' যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার আজ রোববার রাত সাড়ে আটটার দিকে পুলিশের সঙ্গে গোলাগুলিতে কবির আহমদ (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, কবির একজন ডাকাত। তাঁর কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে। ডাকাতদের ছোড়া ছররা গুলিতে ছররা গুলিতে দুই কনস্টেবল আহত হওয়ার কথা জানায় পুলিশ।
পুলিশ জানায়, আপাতত কবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, একদল ডাকাত মহেশখালীর চালিয়াতলি-মাতারবাড়ী সড়কে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে আজ রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ডাকাতেরাও পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গোলাগুলিতে ছররা গুলিতে বামহাতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত কবির আহত হন। ডাকাতদের ছররা গুলিতে দুই কনস্টেবল মোহাম্মদ পারভেজ (২৪) ও মোহাম্মদ রিদুয়ান (২৩) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, কবির আহমদ ডাকাতদলের অন্যতম সদস্য। তাঁর নেতৃত্বে বিভিন্ন সময়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত হচ্ছিল। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।