মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা!
কক্সবাজার জেলার আট উপজেলায় গত পৌনে দুই মাসে (১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) পুলিশের অভিযানে ১৩৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে এসএমজি, কাটা রাইফেল, দেশি বন্দুক, পিস্তল, এলজি, ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র। উদ্ধার করা অস্ত্রের ৯০ ভাগই জেলার মহেশখালী উপজেলার বিভিন্ন পাহাড়ি আস্তানায় তৈরি করা হয়েছে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন।
মহেশখালী উপজেলার কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, ছোটমহেশখালী ও বড়মহেশখালী—এই পাঁচ ইউনিয়নের দুর্গম বিভিন্ন পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় অস্ত্র তৈরি করা হয় বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়। এসব আস্তানায় অর্ধশত কারিগর অস্থায়ী ভিত্তিতে কাজ করেন। মূলত একনলা ও দোনলা বন্দুক, পিস্তল, রাইফেল, পাইপগান, এলজি তৈরি করেন তাঁরা। সাগরে জেলে নৌকায় ডাকাতি, চিংড়ি ঘের ও লবণ মাঠ দখল, মাদক চোরাচালান, জমি দখল—বেদখলসহ কক্সবাজার জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অবৈধ অস্ত্রের ব্যবহার হচ্ছে।
বড়মহেশখালী ইউনিয়নের সদস্য (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) দলিলুর রহমান বলেন, তাঁর ইউনিয়নের দুর্গম পাহাড়ে দুটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে বলে তিনি শুনেছেন। অন্যদিকে হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, পাহাড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এসব বাহিনীর কাছে প্রচুর দেশি অস্ত্র রয়েছে।
নাম না প্রকাশের শর্তে মহেশখালী পৌরসভার একজন কাউন্সিলর প্রথম আলোকে বলেন, কক্সবাজারের প্রায় ১০০ কিলোমিটার সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলারে লুটপাট চালাচ্ছে ১০-১২টি জলদস্যু বাহিনীর তিন শতাধিক সদস্য। দস্যুদের প্রত্যেকের হাতে অবৈধ অস্ত্র রয়েছে। মহেশখালীর পাহাড়ে এসব অস্ত্র তৈরি হয়। মাঝেমধ্যে র্যাব-পুলিশ পাহাড়ের বিভিন্ন আস্তানায় অভিযান চালায়।
এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, অস্ত্র তৈরির আস্তানা উচ্ছেদের জন্য সব থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৪ জানুয়ারি বড়মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ১৪টি একনলা বন্দুক, ছয়টি ওয়ান শুটারগান, একটি রাইফেলসহ বিভিন্ন ধরনের ২২টি অস্ত্র উদ্ধার করেন। ওই আস্তানা থেকে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, পাইপ, লোহা কাটার ব্লেড ও প্লায়ার্সসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করেন তাঁরা। গ্রেপ্তার করেন অস্ত্র তৈরির দুই কারিগরকে।
এ ছাড়া ৫ ফেব্রুয়ারি হোয়ানক ইউনিয়নের কেরুনতলী পূর্ব নয়াপাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২টি অস্ত্র ও ৮৫টি গুলি উদ্ধার করে র্যাব। এ ঘটনায় মোহাম্মদ সেলিম ও এরশাদ উল্লাহ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-৭ কক্সবাজার অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, সেলিমের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ ১২টি ও এরশাদ উল্লাহর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পাহাড়ে অস্ত্র তৈরি করে এলাকার সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, রোহিঙ্গা, জলদস্যু ও ডাকাতদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল।
সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি ওই ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া পূর্বপাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে ১৪টি অস্ত্র ও ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র মামলার এক আসামি নিহত হন। আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল এলজি ও বন্দুক।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, উদ্ধার অস্ত্রগুলো মহেশখালীতেই তৈরি করা।
পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহাড়ে অভিযান শুরু করলে অস্ত্র তৈরির অস্থায়ী আস্তানা এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত স্থানান্তর করা হয়। অবৈধ অস্ত্র তৈরি, বেচাকেনা এসব আস্তানা থেকে নিয়ন্ত্রিত হয়। কালারমারছড়ার বিভিন্ন পাহাড়ে অস্ত্র তৈরির তিনটি অস্থায়ী আস্তানা রয়েছে। এসব আস্তানার নিয়ন্ত্রণ করছে ইউনিয়নের অফিসপাড়ার আবু তাহের, আবদুল মজিদ, ফরিদুল আলম। এরা সবাই বিভিন্ন অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। হোয়ানক ইউনিয়নের পানিরছড়া পাহাড়ের দুটি আস্তানা নিয়ন্ত্রণ করছেন অস্ত্র তৈরির কারিগর বড় মহেশখালীর সাহাব মিয়া, হোয়ানকের আবু শামাসহ আরও কয়েকজন। আবু শামা দুটি অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মহেশখালীর একাধিক সন্ত্রাসী বাহিনী ও সন্ত্রাসীদের কাছে দুই হাজারের বেশি অবৈধ অস্ত্র রয়েছে।
পুলিশ সূত্র জানায়, দেশি অস্ত্র ক্রেতাদের তালিকায় মহেশখালীর কয়েকজন চিংড়ি ঘের ব্যবসায়ী এবং লবণ মাঠের মালিকও রয়েছেন। তাঁরা কেউ সম্পদ রক্ষার জন্য, কেউবা জীবনের নিরাপত্তার জন্য অস্ত্র সংগ্রহ করেছেন। মহেশখালী থেকে সমুদ্র পথে অস্ত্র যাচ্ছে জেলার টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকায়। এসব আগ্নেয়াস্ত্র দিয়ে সড়ক ডাকাতি, লোকজনের বাসাবাড়ি লুটপাট, ছিনতাইসহ নানা কর্মকাণ্ড চলছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা কিছু রোহিঙ্গার কাছেও অবৈধ অস্ত্র গেছে।
গত ৯ জানুয়ারি উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ দুই রোহিঙ্গা খাইরুল আমিন ও আবুল কালামকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার দুজন টেকনাফের আনসার ক্যাম্পে হামলা ও ১১টি অস্ত্র লুটের ঘটনায় করা মামলার পলাতম আসামি। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে পরদিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার পুরানপাড়ার দুটি আস্তানা থেকে পাঁচটি রাইফেলসহ ১০টি অস্ত্র উদ্ধার করে র্যাব।
মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হোছাইন ইব্রাহিম বলেন, এলাকায় সন্ত্রাসীর অভাব নেই। উপজেলার দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরি করছে সন্ত্রাসীরা। বিভিন্ন সময় পুলিশ-র্যাবের অভিযানে অনেকে ধরা পড়লেও মূল হোতারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাঁদের ধরা না হলে অস্ত্র তৈরি ও এর ব্যবহার বন্ধ করা যাবে না।