মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে চাচা ভাতিজা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকার ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে চাচা-ভাতিজা আহত হয়েছেন। গতকাল শনিবার ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার অনন্তপুর গ্রামের আবদুর রশিদ (৪৫) ও তরিকুল ইসলাম (২৫)।
আহত আবদুর রশিদের বড় ভাই আবদুল মমিন বলেন, তাঁর ছেলে তরিকুল ও ভাই রশিদ ভারত থেকে গরু আনার জন্য গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন। গতকাল ভোররাতে ভারতের সীমান্ত থেকে গরু আনার সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে রশিদ ও তরিকুল আহত হন। ওই অবস্থায় রশিদ ভারত সীমান্তে পড়ে ছিলেন আর তরিকুল বাংলাদেশের সীমান্তে চলে আসেন। পরে বিএসএফ আবদুর রশিদকে উদ্ধার করে ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে ভর্তি
করে। তরিকুল চুয়াডাঙ্গার জীবননগরের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম বলেন, ‘আহত আবদুর রশিদ ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে ভর্তি আছেন বলে জানতে পেরেছি। তরিকুল ইসলামের বিষয়ে কিছু জানি না।’