মহেশপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে বাধা দেওয়া ও মুক্তিযোদ্ধাদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বলা হয়, বাধাদানকারী ব্যক্তি একাত্তর সালে রাজাকার ছিলেন। তাঁর পেছনে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের কিছু ‘হাইব্রিড’ নেতা।
মহেশপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দুপুরে এই সংবাদ সম্মেলন করা হয়। পরে মুক্তিযোদ্ধারা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মহেশপুর শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মালেক গাজী লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, মহেশপুরে ২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের অনুমোদন দেয় সরকার। উপজেলা শহরে উপযুক্ত জায়গা পাচ্ছিলেন না মুক্তিযোদ্ধারা। এমন পরিস্থিতিতে মালেক গাজীর বন্ধু মুন্সি ফেরদৌস শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় ১০ শতক জমি দান করেন। কিন্তু ওই জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ছিলেন রাজাকার হামিদুল হক। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি জমিটি দেখতে যান কয়েকজন মুক্তিযোদ্ধা। এ সময় জমিটিতে বসবাসকারী জামায়াত-শিবিরের লোকজন তাঁদের ওপর হামলা করেন। ওই ঘটনার পর স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় দখলকারীরা জমি ছেড়ে দেন। ফলে মামলা করেননি মুক্তিযোদ্ধারা। কিন্তু পরে মুক্তিযোদ্ধাদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এমনকি হত্যার হুমকি দিচ্ছেন হামিদুল।
মালেক গাজী অভিযোগ করে বলেন, সরকারদলীয় স্থানীয় কয়েকজন শীর্ষ নেতা হামিদুলকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাঁদের অনেকে গোপনে, অনেকে আবার প্রকাশ্যে ইন্ধন দিচ্ছেন। ‘হাইব্রিড’ এসব নেতার উসকানিতেই জমিদাতা ও তাঁর পরিবারের সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারসহ (ভূমি) বেশ কয়েকজনের বিরুদ্ধে ১৪টি মামলা করেছেন হামিদুলসহ তাঁর পক্ষের লোকজন। এসব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার, রবিউল আওয়াল, আবদার রহমান, গোলাম মোস্তফা, আবু তালেব, কমপ্লেক্স ভবনের জন্য জমিদাতা মুন্সি ফেরদৌসসহ অনেকে।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে হামিদুল হকের মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি। তবে তাঁর ছেলে মোহাম্মদ রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, জমিটি নিয়ে তাঁদের সঙ্গে মুন্সি ফেরদৌসের মামলা চলছে। আদালত সেখানে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন। এরপরও মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় ফেরদৌস বিরোধপূর্ণ জমিটির কিছু অংশ মুক্তিযোদ্ধাদের দান করেছেন। তাঁদের দিয়ে জমি দখলের চেষ্টা করছেন। রোকনুজ্জামান দাবি করেন, তাঁরা চারটি দেওয়ানি ও চারটি ফৌজদারি মামলা করলেও এতে কোনো মুক্তিযোদ্ধাকে আসামি করা হয়নি। পাশাপাশি তাঁর বাবা হামিদুল হক কখনো রাজাকার ছিলেন না।