মহেশপুরের সেই ক্লিনিকে আরেক প্রসূতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরের আলোচিত ক্লিনিকটিতে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়া আরও একজন নারী মারা গেছেন।
গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু হয় জেসমিন আক্তার (২২) নামের এই নারী। তিনি মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আবু হাসানের স্ত্রী। তাঁকে নিয়ে গুরুতর অসুস্থ থাকা পাঁচ নারীর দুজন মারা গেলেন। এর আগে ৭ সেপ্টেম্বর মারা যান খায়রুন নেছা নামের আরেকজন।
এদিকে এ দুজনকে নিয়ে ওই ক্লিনিকে অস্ত্রোপচারের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল মোট ছয়জনে। এখনো চিকিৎসাধীন রয়েছেন তিনজন। তাঁরাও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে তাঁদের পরিবার সূত্রে জানা গেছে।
গতকাল ভোর চারটার দিকে ঢাকায় রাশমনো জেনারেল হাসপাতালে জেসমিন আক্তার মারা যান বলে জানান তাঁর ভাই আলাউদ্দিন। তিনি বলেন, মহেশপুরের জননী ক্লিনিকে তাঁর বোনের অস্ত্রোপচার হয় গত ১৩ আগস্ট। এক সপ্তাহ পর তাঁকে বাড়ি নিয়ে যান। এর তিন দিন পর জেসমিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁরা প্রথম যশোর সদর হাসপাতাল, পরে দড়াটানা হাসপাতাল ও সর্বশেষ ঢাকার মগবাজারে রাশমনো প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। এরপরও বাঁচানো গেল না তাঁকে।
আলাউদ্দিন জানান, তিনি ২ সেপ্টেম্বর মহেশপুর থানায় জননী ক্লিনিকের মালিক মোমিনুর রহমান ও অস্ত্রোপচারকারী চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করেছেন। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আলাউদ্দিন আরও জানান, তাঁর এই বোনের দুই বছর আগে বিয়ে হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান জন্মদানের পর বোন অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাঁচানোর চেষ্টায় অনেক অর্থকড়ি ব্যয় করেছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না।
এদিকে কোটচাঁদপুর উপজেলার সামছুদ্দিন মেমোরিয়াল হাসপাতালের মালিক ও মহেশপুরের জননী ক্লিনিকের মালিকের ভাই চিকিৎসক ছহিউদ্দিন দাবি করেছেন, তিনি জননী ক্লিনিকের সঙ্গে জড়িত নন। কখনো সেখানে যানও না, কোনো অস্ত্রোপচারও করেন না। তারপরও মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, কেবল ভাইয়ের ক্লিনিক হওয়ায় তাঁকে আসামি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মহেশপুরের ভৈরবা বাজারে অবস্থিত জননী ক্লিনিকে ৪০ দিনে নয়জন প্রসূতির অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক গোলাম রহমান ও মো. আসাদুজ্জামান। অস্ত্রোপচারের পর একে একে ওই নারীরা অসুস্থ হতে থাকেন। একপর্যায়ে মারা যান মহেশপুরের জাগুসা গ্রামের আক্তার আলীর স্ত্রী রুপা খাতুন (২০), অনন্তপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী আরিফা খাতুন (১৮), কৃষ্ণচন্দ্রপুর গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী বিথি খাতুন (২০), জীবননগর উপজেলার বারান্দী গ্রামের ইউনুচ আলীর স্ত্রী সালেহা বেগম (২৬) ও পাঁচপোতা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী খয়রুন নেছা (২৪)। এ ঘটনায় ১ সেপ্টেম্বর প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হলে ক্লিনিকটি সিলগালা করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তকাজ চলছে বলে জানা গেছে।