মা ইলিশ ধরায় চাঁদপুরে ২৩ জেলের জেল
মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় মা ইলিশ ধরায় ২৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ১২টায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন মো. মনসুর (২৪), কালু ব্যাপারী (৩৫), রুহুল আমিন ব্যাপারী (৪০), হাসান ব্যাপারী (২৫), শাহ আলম (৩০), মো. হাবিব (২০), আবুল কাশেম (২৩), ওসমান গণি (২৩), মনির হোসেন (১৮), আবদুল হালিম (২১), ছিদ্দিক আলী (২৭), সেলিম খান (৩৫), অলি উল্যাহ ব্যাপারী (২৮), ইমান গাজী (২০), হারুন (২২), আবদুস সালাম (৩০), লিটন (২৫), মো. রিপন (৩৮), শহীদ উল্যাহ (২৬), মো. জয়নাল (১৮), নজরুল ইসলাম (৩৭), কালু মিয়া (৩২) ও মো. হাশিম (৪০)।
চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান জানান, মা ইলিশ রক্ষার্থে মঙ্গলবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নৌ-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদপুর সদর উপজেলার লগ্নীমারা চর থেকে শুরু করে হাইমচর পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
চাঁদপুর নৌ-পুলিশের (এসপি) মো. শাহরিয়ার আটক ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৯ অক্টোবর পর্যন্ত নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, নৌ পুলিশের পাশাপাশি কোস্টগার্ডও পৃথক অভিযান পরিচালনা করে আসছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আরও ২০ জেলেকে আটক করে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত ১৮ জনকে ১ বছর করে ও ২ জনকে ২ বছর করে সাজা প্রদান করেন।
জেলা মত্স্য কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা মেঘনার ৬০ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষায় জাল ফেলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়।