মা ও ছেলেকে হত্যার এক মাস পর তিন আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নিহত ব্যক্তিরা হলেন পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রহিমা আক্তার ও তাঁর দুই মাস বয়সী ছেলে আমিরুল ইসলাম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মা ও ছেলেকে হত্যার অভিযোগে হওয়া একটি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার এক মাস পর গতকাল বৃহস্পতিবার ফেনীর দাগনভূঞা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের পাবদা গ্রামের নজরুল ইসলাম (২৫), তাঁর বাবা সোহরাব উদ্দিন (৫০) ও মা মদিনা খাতুন (৪৫)। নিহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলামের স্ত্রী রহিমা আক্তার ও তাঁর দুই মাস বয়সী ছেলে আমিরুল ইসলাম।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমা আক্তার বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। কয়েক মাস আগে নজরুল ইসলামের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এ পরিস্থিতিতে রহিমার পরিবার নজরুলকে বিয়ের জন্য চাপ দেয়। এ নিয়ে গ্রামে সালিস বৈঠকও হয়। মাস দুয়েক আগে রহিমা ছেলেসন্তানের জন্ম দেন। গত ১০ জানুয়ারি স্থানীয় মাতবরদের চাপে রহিমাকে বিয়ে করতে বাধ্য হন নজরুল। ১৩ জানুয়ারি নজরুল সন্তানসহ রহিমাকে বেড়াতে নিয়ে যান। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
এক সপ্তাহ পর গত ২১ জানুয়ারি উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মীরারটেক বিল থেকে পুলিশ রহিমার গলিত লাশ উদ্ধার করলেও আমিরুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। একই জায়গা থেকে ৩১ জানুয়ারি আমিরুলেরও গলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নজরুল মা-বাবাসহ পলাতক ছিলেন।
এ ঘটনায় রহিমার বড় ভাই আবদুল আওয়াল বাদী হয়ে ২২ জানুয়ারি নজরুল , রহিমার দেবর দ্বীন ইসলাম, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেছেন। এই ঘটনায় নজরুলের ভাই দ্বীন ইসলামকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল।
জোড়া খুনের এক মাস পর গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়ার আহুতিয়া তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ফেনীর দাগনভূঞা এলাকার এক স্বজনের বাড়ি থেকে নজরুলসহ তিনজনকে গ্রেপ্তার করে।