মা ও ছেলের লাশ উদ্ধার, বাবা পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষ্যারচর এলাকায় এক ব্যক্তি স্ত্রী ও ছেলেকে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার আফসানা বেগম (৩০) ও তাঁর নয় মাস বয়সী ছেলে মাহিনের লাশ উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুই বছর আগে একই উপজেলার মদনগঞ্জ আলীনগর এলাকার আফজাল মিয়ার মেয়ে আফসানার সঙ্গে বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইয়াজুল মিয়ার বিয়ে হয়। তাঁদের নয় মাস বয়সী একটি ছেলে রয়েছে। গতকাল ঘরের বাইরে তালা এবং ভেতরে ফ্যান চলতে থাকায় আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ইয়াজুল পলাতক আছেন।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে গত রোববার রাতে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। ইয়াজুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মা ও ছেলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আফসানার মা রেহানা বেগম বলেন, ‘অভাব-অনটনের কারণে ইয়াজুল ও আফসানার প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরেই মা ও ছেলেকে ইয়াজুল খুন করেছে বলে আমাদের ধারণা।’