মা ও জঠরে শিশু গুলিবিদ্ধ: আরও দুই আসামি গ্রেপ্তার
মাগুরায় ছাত্রলীগের গুলিতে মা ও জঠরে শিশু গুলিবিদ্ধ এবং বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার আরও দুই আসামি আজ রোববার রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন মামলার ছয় নম্বর আসামি মো. ফরিদ (৩৫) ও ১২ নম্বর আসামি মো. মিল্টন (১৯)। মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক দুই আসামিকে রাত নয়টার দিকে মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। ওই দুই আসামি ঢাকা থেকে সুমন ডিলাক্স নামের পরিবহনে চুয়াডাঙ্গার আলামডাঙ্গায় যাচ্ছিলেন।
এ নিয়ে ওই মামলায় মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হলো। আগে গ্রেপ্তার ছয় আসামি হলেন, মো. সুমন. মো. সোবহান, সেন সুমন, নজরুল ইসলাম, মো. সাগর হোসেন ও তাঁর ভাই মো. বাপ্পী।
২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে মা নাজমা বেগম ও জঠরে শিশু গুলিবিদ্ধ এবং নাজমার চাচা শ্বশুর মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন। পরদিন চাচা শ্বশুর মমিন ভূঁইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃদ্ধ মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া গত ২৬ জুলাই মোট ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।