মা ও তিন সন্তানের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত মোস্তফা , আরিশা শেফা
নুসরাত মোস্তফা , আরিশা শেফা

রাজধানীর তুরাগের কালিয়ারটেকের একটি বাসা থেকে মা ও তিন সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক অনটন থেকে সৃষ্ট পারিবারিক অশান্তির জের ধরে মা তিন শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর স্বামী এবং পরিবারের সদস্যরা অনুমান করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
নিহত মা ও মেয়েরা হলেন মোসাম্মত রেহানা পারভিন (৩৪), তাঁর সন্তান নুসরাত মোস্তফা আঁখি শান্তা (১৩), আরিশা শেফা (৯) ও মো. মোছামিম সাদ (১১ মাস)। নুসরাত মোস্তফা কালিয়ারটেকের পরশমণি ল্যাবরেটরি স্কুলের পঞ্চম শ্রেণিতে এবং আরিশা শেফা প্রথম শ্রেণিতে পড়ত।
রেহানার পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আর মোস্তফা কামালের অভিযোগ, এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির কাছে তাঁর বড় অঙ্কের অর্থ পাওনা আছে। তাঁরা পরিকল্পিতভাবে তাঁর পরিবারকে নিঃশেষ করে দেওয়ার জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
উত্তরা ১০ নম্বর সেক্টরের লাগোয়া কালিয়ারটেক এলাকার ওই বাসার এক পাশের তিনটি কক্ষে মোস্তফা কামাল, তাঁর স্ত্রী ও তিন সন্তান থাকতেন। অন্য পাশে মোস্তফা কামালের বোন কোহিনূর আক্তার তাঁর পরিবার নিয়ে থাকেন। বাড়ির এক পাশে আরও ১০টি ঘরে থাকেন ভাড়াটেরা।

মো. মোছামিম সাদ
মো. মোছামিম সাদ

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (শুক্রবার প্রথম প্রহরে) পুলিশ চারটি লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার ঘটনাস্থলে গেলে পুলিশ কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি। এমনকি মোস্তফা কামালের বোন কোহিনূরের সঙ্গেও কথা বলতে দেয়নি।
এই মাসের ১ তারিখ থেকে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছেন মো. শরিফ খান নামের এক ব্যক্তি। প্রথম আলোকে তিনি বলেন, রাতে তিনি হঠাৎ শুনতে পান মোস্তফা কামাল তাঁর স্ত্রীর নাম ধরে চিৎকার দিয়ে কাঁদছেন। তখন তিনিসহ আশপাশের আরও লোকজন তড়িঘড়ি করে সেখানে যান। গিয়ে দেখতে পান, মোস্তফা কামালের স্ত্রীর দেহটি ফ্যানের নিচে ঝুলে আছে। আর মোস্তফা কামাল তাঁর দেহটি নিচ থেকে ধরে রেখেছেন। এ সময় শিশুদের খোঁজ করতে গিয়ে পাশের কক্ষে গিয়ে দেখা যায়, খাটের ওপর তিনটি শিশু শোয়ানো। তাদের প্রত্যেকের গলায় একটি করে ওড়না প্যাঁচানো ও গিঁট দেওয়া।
পুলিশের একজন কর্মকর্তা তাঁর মুঠোফোনে শিশু তিনটির লাশের ছবি দেখান এই প্রতিবেদককে। ছবিতে দেখা যায়, খাটের ওপর সারিবদ্ধভাবে তিনটি শিশু চিত করে শোয়ানো। সর্ব ডানে বড় মেয়ে নুসরাত মোস্তফা, মাঝে সাদের ছোট্ট দেহ আর বাঁয়ে মেজ মেয়ে আরিশা শেফা। আরিশা শেফার নাক দিয়ে রক্ত ঝরছিল।
ঢাকা মেডিকেল কলেজের মর্গে মরদেহগুলোর ময়নাতদন্তকারী চিকিৎসক সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে জানান, তিন শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে রেহানা পারভিনের মৃত্যুর কারণ হত্যা না আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। এ জন্য তাঁর দেহ থেকে ঘাড়ের টিস্যু সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে ইফতার করে বাসা থেকে বের হন। ওই এলাকার ‘যুব কল্যাণ ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ লিমিটেড’-এর অফিসে যান তিনি। সাতজন মিলে গড়ে তোলা এই সমিতির অফিসে তিনি নিয়মিত বসেন।
মোস্তফা কামাল বলেন, রাতে বাসায় ফিরে তিনি দেখতে পান, সামনের ঘরে কেউ নেই। মাঝের ঘরের বিছানায় তিন সন্তান এবং ভেতরের ঘরে ফ্যানের সঙ্গে স্ত্রী রেহানার দেহ ঝুলছে। তখন তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। রেহানাকে নামিয়ে মুখে অনেকবার বাতাস দেন তিনি। কিছুক্ষণ পর টের পান যে পাশের ঘরে বিছানার ওপর শোয়ানো তাঁর তিন সন্তানও মৃত।
মোস্তফা কামাল আরও বলেন, এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির কাছে তাঁর ৫০ লাখ টাকা পাওনা রয়েছে। এই টাকা তাঁরা অনেক দিন ধরে দিচ্ছেন না। তাঁরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

রাজধানীর তুরাগের কালিয়ারটেকে নিহত তিন সন্তানসহ মায়ের লাশ ময়নাতদন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা l ছবি: সাজিদ হোসেন
রাজধানীর তুরাগের কালিয়ারটেকে নিহত তিন সন্তানসহ মায়ের লাশ ময়নাতদন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা l ছবি: সাজিদ হোসেন

ঘটনাস্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ প্রথম আলোকে বলেন, মোস্তফা কামালের ভাষ্য অনুযায়ী তিনি বাসায় এসে দরজা ভেতর থেকে বন্ধ পেয়েছেন। এরপর পাশের জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মা তিন সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছেন। তবে অন্য অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রেহানা পারভিনের ভাই মাহবুব আলম সাগর বলেন, তাঁর বোন রেহানা পারভিনের সঙ্গে তাঁর ননদ, দেবর ও শাশুড়ির বিরোধ চলে আসছিল। তাঁরা দেড় বছর ধরে তুরাগের ওই বাড়ির ভাড়া তুলে সব টাকা নিয়ে যেতেন। মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে বেকার। আয় না থাকায় তাঁদের সংসার চালাতে অনেক কষ্ট হতো।
রেহানার ভাবি সুলতানা বেগম বলেন, রেহানা উত্তরার এশিয়ান ইউনিভার্সিটি থেকে সমাজকল্যাণে মাস্টার্স পাস করেছেন। তিনি আত্মহত্যা করতে পারেন না।
প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা প্রথম আলোকে জানান, ঘটনার সময় কেউই সন্দেহ করার মতো কিছু দেখেননি। ওই বাসাটির উল্টো পাশে টিনশেডের কয়েকটি ঘরে কিছু ভাড়াটে থাকেন। ওই বাড়িতে গিয়ে নুসরাত মোস্তফা ও আরিশা শেফা নিয়মিত খেলাধুলা করত। নাসরিন আক্তার নামে এক শিশু প্রথম আলোকে বলে, গতকাল (বৃহস্পতিবার) বিকেলেও আরিশা তাদের বাড়িতে এসে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে গেছে। চম্পা নামের এক নারী বলেন, বিকেলের দিকে রেহানা তাঁদের বাড়িতে এসে নষ্ট হয়ে যাওয়া কিছু ভাত মুরগি ও হাঁসকে খাওয়ানোর জন্য দিয়ে গেছেন। সন্দেহ করার মতো কিছু তিনি তাঁর মধ্যে দেখেননি।
এ ঘটনায় গতকাল রাতে তুরাগ থানায় হত্যা মামলা করেছেন রেহানার ভাই শামসুল আলম। প্রথম আলোকে তিনি বলেন, মামলার এজাহারে রেহানার স্বামী মোস্তফা কামালের বোন কোহিনূর আক্তার ও তাঁর স্বামী মুক্তার হোসেন এবং পরিবারের অন্য সদস্যদের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
রেহানার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে আর মোস্তফা কামালের বাড়ি একই জেলার ফরিদগঞ্জে।