চট্টগ্রামের পটিয়ায় এরফান (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় আটক তাঁর মা ও দুই ভাইকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তাঁরা হলেন নিহত এরফানের মা শাহীদা আকতার (৪৫), ভাই ওসমান (২২) ও মোরশেদ (১৮)। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গত বৃহষ্পতিবার পটিয়া থানায় একটি মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ জিরি গ্রামের প্রবাসী এয়ার মোহাম্মদের প্রথম ছেলে মানসিক রোগী মোহাম্মদ এরফান গত মঙ্গলবার প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল নয়টায় ঘরের ভেতর দেখা যায়, তাঁর গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। বিষয়টি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে পুলিশ বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পটিয়া থানার তদারককারী কর্মকর্তা এসআই মোল্লা জাহাঙ্গীর কবির বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার না করলেও পারিপার্শ্বিক অবস্থা ও হত্যার ধরন দেখে পুলিশ নিশ্চিত ধারণা করেছে, তাঁকে তাঁরাই হত্যা করেছেন। তিনি বলেন, মাটির একই ঘরে একটি বেড়ার আলাদা কক্ষে সেই আত্মহত্যা করলেও তাঁর চিৎকার শোনা যায়নি বলে মা ও ভাইদের যে বক্তব্য, তা বিশ্বাসযোগ্য নয়। তা ছাড়া তাঁরা কাউকে এ কথা না জানিয়ে গোপনে তাঁর ফুফুর মাধ্যমে রক্তগুলো কেন পরিষ্কার করলেন?