মা ও দুই মেয়েকে বেঁধে নির্যাতনের অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে মা ও দুই মেয়েকে বেঁধে দফায় দফায় মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই মেয়ের মধ্যে একজন শিশু।
চিকিৎসাধীন ওই তিনজন উপজেলার বগা ইউনিয়নের সাবপুরা গ্রামের বাসিন্দা। নির্যাতনের অভিযোগ করা মায়ের দাবি, স্থানীয় হাবিবুর রহমান নামের এক ব্যক্তি মারধর করে তাঁদের জমি দখল করে সেখানে ঘর তৈরি করেছেন।
প্রথম আলোকে দেওয়া অভিযোগকারী মায়ের ভাষ্য, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হাবিবুরের সঙ্গে তাঁর বিরোধ চলছে। আজ সকাল পৌনে নয়টার দিকে হাবিবুরসহ কয়েকজন লোক ওই জমিতে ঘর তোলার চেষ্টা করেন। তিনি ও তাঁর দুই মেয়ে এতে বাধা দিলে তাঁরা তাঁদের এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে রশি দিয়ে তাঁদের তিনজনের হাত ও পা বেঁধে দফায় দফায় মারধর করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা নির্যাতন চালিয়ে তাঁদের হাতের বাঁধন খুলে তাড়িয়ে দেওয়া হয়। পরে হাবিবুর ওই জমিনে ঘর তৈরি করেন। এরপর স্থানীয় কয়েকজনের সহায়তায় দুই মেয়েসহ তিনি হাসপাতালে ভর্তি হন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাবিবুর প্রথম আলোকে বলেন, ‘আমার জমিতে আমি ঘর উঠাতে গেলে তারা বাধা দেয়। তবে তাদের কোনো নির্যাতন করা হয়নি।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’