মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আজ রোববার সকালে শোয়ার ঘর থেকে দুই মেয়ে ও মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী বলছে, দুই মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম ফ্যান্সি বেগম (৩০)। দুই মেয়ের নাম আকলিমা বেগম (৮) ও খাদিজা বেগম (৪)।
এলাকাবাসীর ভাষ্য, ফ্যান্সি বেগমের স্বামী আশরাফ আলী দিনমজুর। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে কাজে যান। সকাল নয়টার দিকে তাঁর দুই মেয়েকে শোয়ার ঘরে শ্বাসরোধ করে হত্যা করেন মা ফ্যান্সি বেগম। পরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিরওয়ার হাসান ইনামের ভাষ্য, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। স্বামী-স্ত্রীর কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।