মা ও প্রতিবেশীকে কুপিয়ে মারলেন 'নেশাগ্রস্ত' যুবক
টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না পেয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এ সময় তাঁর মাকে বাঁচাতে এক প্রতিবেশী এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে হত্যা করেন তিনি। এ ঘটনার পর এলাকাবাসী ওই যুবককে ধরে পুলিশে িদয়েছে।
মধুপুরের আউশনারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হলুদিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিরাজ আলী (২২) কিছুদিন ধরে নেশা করেন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর চাপ দিতেন। গতকাল সকালেও তিনি মা মিনারা বেগমের (৪৫) কাছে টাকা চান। কিন্তু মা টাকা দিতে অস্বীকার করেন। তাতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিনারাকে দা দিয়ে কোপাতে শুরু করেন মিরাজ। মিনারার চিৎকারে প্রতিবেশী আকবর আলী (৪৮) এগিয়ে এলে তাঁকেও কোপাতে থাকেন তিনি। ঘটনাস্থলেই মিনারা ও আকবর মারা যান। পরে এলাকাবাসী মিরাজকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, নিহত আকবর আলীর স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা করেছেন। জিজ্ঞাসাবাদে মিরাজ একেকবার একেক কথা বলছেন। মিরাজকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিরাজের বাবা মোহাম্মদ আলী একজন দরিদ্র কৃষক। মিরাজ বাবার সঙ্গে কৃষিকাজ ও পাশাপাশি দিনমজুরি করতেন। তবে মিরাজ কিছুদিন আগে নেশাগ্রস্ত হয়ে পড়েন।