মা ও মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় যুবকের বিরুদ্ধে মা ও মেয়েকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এরপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল মঙ্গলবার ভোর রাতে কামারগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সুন্দরী দাস (৫৫) ও তাঁর নাতনি শ্রাবণী দাস (৩)। আহত যুবক হলেন শ্রীকান্ত দাস (৩২)। তাঁরা কামারপাড়া গ্রামে বিভূতিভূষণ সাহার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে।

গলা ও দুই হাতে ব্লেডের পোঁচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীকান্তকে আটক করেছে পুলিশ। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীকান্ত দাসের বাড়ি থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে তিনি লিখেছেন, ‘ভালোবেসে মারা গেলাম।’ এতে এক নারীর ঠিকানা ও মুঠোফোন নম্বর ছিল।

ওই নারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্রীকান্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। গত ঈদুল ফিতরের আগের দিন শ্রীকান্ত ঘটকের মাধ্যমে তাঁকে বাড়িতে দেখতে আসেন। পরে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তাঁর বাবা এ বিয়েতে সম্মতি দেননি। এরপর শ্রীকান্ত তাঁকে ব্ল্যাকমেলের চেষ্টা করেন। বলেন, ‘তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি বাড়ির সবাইকে হত্যা করে নিজে আত্মহত্যা করব এবং তোমাকে ফাঁসিয়ে যাব।’

শ্রীকান্তের বাড়ির মালিক বিভূতিভূষণ সাহার স্ত্রী পুতুল সাহা বলেন, সাত মাস ধরে কামারপাড়ায় বাস করত পরিবারটি। শ্রীকান্ত একটি বেসরকারি কোম্পানির বিক্রয়কর্মী। ওই বাড়ির লোকজন সকাল ছয়টার মধ্যেই ঘুম থেকে জেগে উঠত। কিন্তু গতকাল সকাল আটটা পর্যন্ত কেউ না ওঠায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঢুকে ঘরের ভেতর মা ও মেয়েকে মৃত এবং শ্রীকান্তকে রক্তাক্ত জখম অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আজিজুর রহমান বলেন, শ্রীকান্ত তাঁকে জানিয়েছেন, রাতে তিনি মা ও মেয়েকে ঘুমের ইনজেকশন দিয়ে ভোরে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলেন। পরে ব্লেড দিয়ে গলা ও দুই হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চার বছর আগে শ্রীকান্ত বিয়ে করেন। এর এক বছর পর স্ত্রী চলে যান। আবার বিয়ের জন্য শ্রীকান্ত নিজেকে অবিবাহিত এবং মেয়েকে ভাগনি পরিচয় দিতেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।