মা ও সন্তানের লাশ উদ্ধার স্বামীসহ আটক ৪
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাক এলাকা থেকে গত মঙ্গলবার রাতে মা ও পাঁচ মাস বয়সী শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মাজেদা আক্তার (২৬) ও তাঁর শিশুসন্তান রিদোয়ান। স্বজনদের অভিযোগ, যৌতুক না পেয়ে স্ত্রী ও ছেলেকে গলা টিপে হত্যা করেছেন মাজেদার স্বামী সাবের আলী।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাজেদার স্বামী, শ্বশুর মাহবুব আলম, শাশুড়ি রেনুয়ারা বেগম, দেবর মো. শাহজাহানকে আটক করেছে গুইমারা থানার পুলিশ। এ ঘটনায় মাজেদার বাবা শাহাব উদ্দিন বাদী হয়ে গুইমারা থানায় হত্যা মামলা করেছেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ির রামগড় সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মাজেদা আক্তারের বাবা শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ২০১৩ সালে পারিবারিকভাবে একই গ্রামের সাবের আলীর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাবের আলীর পরিবার যৌতুকের জন্য তাঁর মেয়েকে নির্যাতন করত। মেয়ের সংসারের সুখের কথা ভেবে কয়েক দফায় যৌতুক হিসেবে কিছু টাকাও দিয়েছিলেন তিনি।
শাহাব উদ্দিন অভিযোগ করেন, কিছুদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য সাবের আলী এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। চাহিদামতো টাকা দিতে না পারায় তাঁর মেয়ে ও নাতিকে হত্যা করেছেন সাবের।
রামগড় সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. কাজী হমায়ুন রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে সাবের আলীর পুরো পরিবারই জড়িত বলে ধারণা করছি।’