মা ও স্ত্রীকে মারধর, 'মাদকাসক্ত' যুবক ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও স্ত্রীকে মারধর করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত মঙ্গলবার রাতে আবদুর রহিম (২৩) নামের এক ‘মাদকাসক্ত’ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রহিমের ব্যাগ তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে। 
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বিকেলে উপজেলার রত্নাই গ্রামের আবদুল মান্নানের ছেলে রহিমের সঙ্গে মাদক নিয়ে তাঁর মা ও স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়। এ সময় রহিম পিস্তল হাতে নিয়ে তাঁর মা ও স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে তিনি ঘরের জিনিসপত্র ভেঙে বাড়ির আঙিনায় ছুড়ে ফেলেন। আশপাশের লোকজন ঘটনাটি স্থানীয় আমজানখোর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর ইসলামকে জানান। নূর ইসলাম ঘটনাটি আমজানখোর ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলীকে জানান। খবর পেয়ে সাড়ে সাতটার দিকে ইউপি চেয়ারম্যান বিজিবির রত্নাই ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও থানার এক উপপরিদর্শককে (এসআই) সঙ্গে নিয়ে রহিমের বাড়িতে যান। এ সময় মাতাল অবস্থায় রহিমকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে রহিমের কাপড় রাখার একটি ব্যাগের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
শেখ আইয়ুব আলী জানান, খবর পেয়ে তিনি রত্নাই ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও থানার এসআইকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে রহিমকে পুলিশ থানায় নিয়ে যায়।
বালিয়াডাঙ্গী থানার এসআই জগলুল ইসলাম জানান, পিস্তলটি দেশি। তবে পিস্তলটির সঙ্গে কোনো গুলি পাওয়া যায়নি। অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গতকাল তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।