মা-ছেলেসহ চারজনকে কুপিয়েছে বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মা-ছেলেসহ একই পরিবারের চারজনকে কুপিয়েছে বখাটেরা। উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বামনের হাট বাজার এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ মধুপুর এলাকার রাসেল মিয়া (২১) ও পারভেজের (২০) নেতৃত্বে একদল বখাটে প্রায় সময় বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করত। গত মঙ্গলবার ওই শিক্ষার্থী বাড়ি ফেরার পথে বামনের হাট বাজারসংলগ্ন এলাকার নারায়ণ চন্দ্র শীলের দোকানের সামনে রাসেল, পারভেজ ও তাঁদের সহযোগীরা তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। পরে বখাটেরা মুঠোফোনে ছবি তোলার সময় একই এলাকার কলেজপড়ুয়া ছাত্র জাহিদ হোসেন (২১) প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে তাঁর (জাহিদ) কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে বখাটে রাসেল ও পারভেজের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে জাহিদের ওপর হামলা চালান। এ সময় তাঁকে ছোরা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে জাহিদের মা জোহরা বেগম, ছোট ভাই মাহিদ (১৫) ও শাহিন (১২) এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

এ ঘটনায় জাহিদ হোসেনের বাবা মহুবর রহমান বাদী হয়ে রাতেই আবুল কালাম, রাসেল, পারভেজসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ রাতে আবুল কালামকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার বলেন, আহত তিন ভাই জাহিদ, মাহিদ, শাহিনের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। তাদের মা জোহরা বেগমের বাম হাত গুরুতর জখম হয়েছে। 

এ প্রসঙ্গে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্যাহ আল সাইদ বলেন, আবুল কালামকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।