মা-বাবাকে ট্রাক থেকে ফেলে মেয়েকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে উঠেছিলেন মা-বাবা। উদ্দেশ্য ছিল গ্রামের বাড়িতে যাওয়া। পথে ট্রাকের চালক জুস খাইয়ে তাঁদের চারজনকে অচেতন করে বড় মেয়েকে (১৫) নিয়ে যান।
গত বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় ওই ঘটনা ঘটে। সংজ্ঞাহীন মা-বাবা, তাঁদের এক ছেলে (৯) ও এক মেয়েকে (৬) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপহরণের শিকার অষ্টম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রীর মা বলেন, তাঁর স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। বুধবার সন্ধ্যার পর তাঁরা গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে যাওয়ার জন্য বের হন। স্বামীর সঙ্গে চালকের অনুরোধে কাঁচপুর থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে ওঠেন। পথে চালক জুস খাওয়ার অনুরোধ করেন। তাঁরা জুস খান। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ এলাকায় মা-বাবা, ছেলে ও ছোট মেয়েকে ট্রাক থেকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। এরপর বড় মেয়েকে নিয়ে যান চালক। এ সময় ১০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘অচেতন করে একটি পরিবারের চারজনকে মহাসড়কের পাশে বিচ্ছিন্নভাবে ফেলে দেওয়ার বিষয়টি আমার জানা আছে। তাঁদের হাসপাতালে ভর্তি করেছি। তবে একটি মেয়েকে না পাওয়ার বিষয়টি কেউ পুলিশকে জানায়নি।’