মা-বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য...
মা-বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য অপহরণ নাটক সাজিয়েছিল চট্টগ্রামের পটিয়ার মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম। কিন্তু তার সেই পরিকল্পনা ভেস্তে গেছে। গত রোববার রাতে সাইফুলকে আটক করে পুলিশ।
সাইফুল ইসলাম (১৭) চট্টগ্রামের পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। তার বন্ধু পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা গাউছিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছাদেক হোসেন (১৭) এই অপহরণ নাটকে সহযোগিতা করে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রবাসী নুরুল কবিরের ছেলে সাইফুল ইসলাম পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে। সাইফুল গত ২৯ এপ্রিল সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে একটি মুঠোফোন থেকে তার মা ও প্রবাসী বাবাসহ আত্মীয়স্বজনের কাছে খুদে বার্তা পাঠিয়ে ও ফোন করে বলা হয়, সাইফুলকে অপহরণ করা হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দ্রুত টাকা না পাঠালে সাইফুলকে ভারতে পাচার করার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ৩০ এপ্রিল সাইফুলের ভগ্নিপতি মোহাম্মদ ইমরান হোসেন পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, মুঠোফোনের সূত্র ধরে সিলেটে সাইফুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম পুলিশকে জানায়, বাবা-মায়ের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করে বন্ধু ছাদেকসহ তারা সিলেটের একটি আবাসিক হোটেলে ওঠে। সেখান থেকে তারা মুঠোফোনে মুক্তিপণের টাকা চাইত। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ছাদেককে পটিয়ায় পাঠিয়ে দেয়।
পুলিশ জানায়, ৩ মে রাতে সিলেট নগরে ঘোরাফেরার সময় পটিয়া থানার পুলিশ সাইফুলকে আটক করে। গতকাল সোমবার পটিয়ার মাদ্রাসা থেকে ছাদেককে আটক করা হয়। পরে দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।