মা-বাবার দ্বন্দ্বের কারণে কিশোরের আত্মহত্যা!
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রাম থেকে আজ শনিবার নাইম হোসেন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে জুড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশের ধারণা মা-বাবার দ্বন্দ্বের কারণে ওই কিশোর আত্মহত্যা করেছে।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাইমের বাবা আমির হোসেন রাজনগর উপজেলায় একটি চালকলে কাজ করেন। নাইমে মা রিপন বেগম পারিবারিক কলহের জের ধরে ১৫-২০ দিন আগে দক্ষিণ জাঙ্গিরাই এলাকায় বাবার বাড়িতে চলে যান। বাড়িতে নাইম তার বৃদ্ধ দাদা-দাদির কাছেই থাকত। আজ সকাল ছয়টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাইমের লাশ দেখে। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনে।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহেদ গাজী মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত কিশোরের (নাইম) শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মা-বাবার মধ্যে মনোমালিন্যের কারণে ওই কিশোর আত্মহননের পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
নাইমের বাবা আমির হোসেন পারিবারিক কলহের বিষয়টি স্বীকার করে বলেন, ‘এই কারণে যে ছেলেটা গলায় দড়ি দিব, এইটা কল্পনাও করিনি। কাল বিকেলেও সে তার মাকে ফিরাইয়া আনতে নানার বাড়ি গিয়েছিল। কিন্তু, সেখান থেকে একা ফিরে আসে।’
মা রিপন বেগম ছেলের এমন মৃত্যুর জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন।