মা-বাবার বুকে ফিরবে শিশু লিয়ান?
এক মাস পার হয়ে গেলেও খোঁজ মেলেনি নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু লিয়ানের। পরিবারের অভিযোগ, লিয়ানকে অপহরণের কথা বলে প্রতিবেশী একজন তাঁদের কাছে টাকা দাবি করছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি।
লিয়ানের বাবা দিলু মিয়া প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বাজিতপুর উপজেলার পাটুলী গ্রামে। তাঁর তিন সন্তানের মধ্যে লিয়ান ছোট। তিন মাস আগে কাজের সন্ধানে তিনি স্ত্রী ও লিয়ানসহ দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ ফিশারিজ ঘাট এলাকায় চলে যান। ওই এলাকায় পরিবার নিয়ে তিনি একটি বস্তিতে থাকা শুরু করেন। বস্তির পাশে তিনি ও তাঁর স্ত্রী পাথর ভাঙার কাজও নেন।
দিলু মিয়া বলেন, গত ১০ জানুয়ারি বেলা ১১টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী পাথর ভাঙার কাজ করছিলেন। শিশু লিয়ান ছিল মায়ের কোলে। তখন সোমা বেগম নামের বস্তির এক প্রতিবেশী বাচ্চা কোলে নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কথা বলে লিয়ানকে তাঁর কোলে নেন। এরপর তিনি লিয়ানকে নিজ বাসায় নিয়ে যান। দুপুর পর্যন্ত লিয়ান সোমার সঙ্গে ছিল। কিন্তু বিকেলের দিকে লিয়ানকে নিয়ে সোমা উধাও হয়ে যান। পরে মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে সোমা অপহরণের কথা বলে মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। তা পরিশোধের জন্য একটি বিকাশ নম্বরও দেন। এরপর থেকে মুঠোফোনে যোগাযোগ করলেও সোমা কোনো সাড়া দিচ্ছেন না।
দিলু অভিযোগ করেন, ঘটনার পর ১৪ জানুয়ারি তিনি শিশু লিয়ানকে অপহরণের অভিযোগে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগকে মামলা হিসেবেও লিপিবদ্ধ করছে না পুলিশ।
জানতে চাইলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম বলেন, ‘এটি শিশু অপহরণ নয়, চুরির ঘটনা। আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছি।’ তবে অভিযোগ মামলা হিসেবে লিপিবদ্ধ না করার বিষয়ে জানতে চাইলে তার কোনো সুস্পষ্ট জবাব দেননি এসআই শাহিদুল।