মা বেঁচে নেই-জানে না অদ্রি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কলেজশিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার একমাত্র আসামি জহিরুল ইসলামকে এখনো গ্রেপ্তার করা যায়নি। হত্যার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলায় গুরুতর আহত কৃষ্ণার আট বছর বয়সী ছোট মেয়ে অদ্রি বিশ্বাস এখনো জানে না যে তার মা বেঁচে নেই।
মামলাটির তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দাবি, আসামি জহিরুলকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
গত ৩১ মার্চ রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে সিতাংশুকে জুস খাওয়ানোর পর তাঁকে, তাঁর স্ত্রী কৃষ্ণা, দুই মেয়ে শ্রবণা বিশ্বাস ও অদ্রি বিশ্বাসকে হাতুড়িপেটা করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীর পরনের শাড়িতে আগুন ধরিয়ে দেন হামলাকারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর তিনি মারা যান।
পুঁজিবাজারে ব্যবসার দ্বন্দ্বে হত্যার ঘটনা ঘটেছে বলে মামলার তদন্ত সূত্রে জানা যায়।
ঘটনার পর থেকে সিতাংশু বিশ্বাস এবং তাঁর দুই মেয়ে শ্রবণা ও অদ্রি মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
আজ সোমবার হাসপাতালে গিয়ে জানা যায়, সিতাংশু ও তাঁর বড় মেয়ে ১৪ বছর বয়সী শ্রবণা এখন আগের চেয়ে সুস্থ। এই দুজনকেই কৃষ্ণা কাবেরীর মৃত্যুর খবর জানানো হয়েছে। মানসিক ধকল কাটিয়ে উঠলেও সিতাংশুর মাথায় এখনো যন্ত্রণা আছে বলে জানান তাঁর সেজ ভাই কৃপাংশু শেখর বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই হত্যাকারী জহিরুলকে চিনতে পেরেছে। কথা বলতে পারলেও ওর মাথায় যন্ত্রণা আছে। তবে অদ্রি এখনো সুস্থ হয়নি। গতকাল (রোববার) ওর বাম হাতে অস্ত্রোপচার করা হয়েছে। মায়ের মৃত্যুর খবর তাকে এখন পর্যন্ত জানাইনি।’
কৃপাংশু আরও জানান, হাসপাতালে সিতাংশু ও তাঁর দুই মেয়ের নিরাপত্তায় পুলিশি প্রহরা আছে। তবে আসামি গ্রেপ্তারের ব্যাপারে তাঁরা কিছু জানেন না।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, সিতাংশু বিশ্বাসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। দুই-একদিনের মধ্যে জহিরুলকে ধরা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আজও অভিযান চালানো হয়েছিল। তিনি জানালেন, সিতাংশুর বাসা থেকে জব্দ করা বিভিন্ন আলামতের তালিকা করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে সেগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারে পাঠানো হবে।