
কুমিল্লায় দুই ভাইকে হত্যার ঘটনায় তাদের সৎভাই মো. আল সফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী থেকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া লাকসাম উপজেলার ছোট চানপুর গ্রামের মোহাম্মদ হোসেন সোহাগ হত্যা মামলায় ১২ বছরের একটি শিশুও গতকাল আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশ ওই শিশুকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, দুই ভাই হত্যা মামলার আসামি সফিউলকে গত সোমবার রাতে রাজধানীর মালিবাগ টুইন টাওয়ারের সামনে থেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশ। তাঁকে রাত তিনটায় কুমিল্লা জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন।
পরে গতকাল দুপুরে সফিউলকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব প্রথম আলোকে বলেন, আদালতে জবানবন্দিতে সফিউল বলেছেন, ১০ বছর আগে তাঁর মায়ের অনুমতি না নিয়েই বাবা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর বাবা ও সৎমা সফিউল, তাঁর বোন ও মায়ের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। বোনকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। তাঁর মা বাড়ি এলে থাকতে দিতেন না। ফলে তাঁর মা পথে পথে ঘুরে বেড়ান। সর্বশেষ পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করা হবে বলে তিনি জানতে পারেন। তা-ই মাকে মর্যাদা না দেওয়া ও সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় তিনি দুই ভাইকে খুন করেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই গত শনিবার দুপুরে রশি দিয়ে বেঁধে ও বালিশ চাপা দিয়ে জয় ও মনিকে হত্যা করেন সফিউল।
জবানবন্দির পর আদালত সফিউলকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।
এদিকে লাকসামের ছোট চানপুরের মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সোহাগ হত্যা মামলায় একটি শিশুকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। ওই শিশুকে গতকাল দুপুরে কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতের বিচারক ফাহাদ বিন চৌধুরীর আদালতে হাজির করা হয়। শিশুটি সেখানে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ঘটনার বর্ণনা দেয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে শিশুটি বলেছে, শনিবার সন্ধ্যায় ছোট চানপুর গ্রামের বিকাশবাবুর নারকেলগাছ থেকে ডাব চুরির জন্য যায় সোহাগ ও সে। গাছে ওঠে সোহাগ। একপর্যায়ে গাছ থেকে নিচে পড়ে সোহাগের নাক দিয়ে রক্ত বের হয়। সোহাগ নড়াচড়া না করায় তার প্যান্টের পকেট থেকে মুঠোফোন নিয়ে তাকে পাশের ডোবার ভেতর ফেলে চলে যায় গ্রেপ্তার হওয়া শিশুটি। সে বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। মা বিষয়টি পাশের বাড়িতে জানান। পরদিন রোববার বিকেলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জবানবন্দি দেওয়ার পর বিচারক ওই শিশুকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।