মা-মেয়েকে খুনের দায়ে দুজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে বাসায় ঢুকে নৃশংসভাবে মা ও মেয়েকে খুন করার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবু রায়হান ও শহীদুল ইসলাম। রায় ঘোষণার সময় আদালতে তাঁরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আইয়ুব খান বলেন, ৩০ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিরা পরস্পরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বলেন, উচ্চ আদালতেও যেন আদেশটি বহাল থাকে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আবু রায়হান সায়মা নাজনীন ও তাঁর মা সায়রা খাতুনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন। এ হত্যাকাণ্ডে তাঁর বন্ধু শহীদুল ইসলাম সহযোগিতা করেন। শহীদুলকে ১০ হাজার টাকায় ভাড়া করেন রায়হান।
২০১৪ সালের ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় দিনদুপুরে ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তাঁর মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে সায়মার বাবা রেজাউল করিম বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় আবু রায়হানের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ রায়হান ও শহীদুলকে গ্রেপ্তার করে। ২৫ মে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডবলমুরিং থানার পুলিশ।