মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে ৩ নেতা-কর্মী আটক
পটুয়াখালীর বাউফলে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগে ঘটনায় নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজ সিকদার (৩৮) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. চুন্নু (৩২) ও মো. রিয়াজকে (৩০) আটক করা হয়েছে। আজ বুধবার ভোররাতে নাজিরপুরের তাঁতেরকাঠি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবীব এই তিনজনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে। তিনি আরও বলেন, এর আগে গ্রেপ্তার নাজিরপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর আলম মল্লিককে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজিরপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রহিম মীর (৩৪) ও সহসভাপতি নূর আলম মল্লিককে (৩৫) দল থেকে গত সোমবার সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একই কারণে একই দিন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. সোহেল মৃধাকেও (৩২) দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হারুন অর রশিদ খান বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নির্দেশে তাঁদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাসির উদ্দিন যুবলীগের কর্মী সোহেল মৃধাকে সাময়িকভাবে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে ওই মা ও তাঁর কলেজপড়ুয়া মেয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পাশের একটি এলাকায় বেড়াতে যান। বিকেলে একই মোটরসাইকেলে করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় যান। সেখান থেকে তাঁদের পূর্বপরিচিত হারুন মৃধা নামের এক যুবক তাঁদের তেঁতুলিয়া নদীতে বেড়ানোর জন্য ট্রলারে করে নিয়ে যান। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে তাঁদের একটি চরে নিয়ে যাওয়া হয়। এর আগেই সেখানে যান যুবলীগের কর্মী নূর আলম মল্লিক ও সোহেল মৃধা (৩২) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রহিম মীর (৩৪)। এই তিনজনসহ ছয় যুবক মা ও মেয়েকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ডাকাত ভেবে তাঁদের আটকের চেষ্টা চালান। তখন পাঁচজন পালিয়ে গেলেও নূর আলম মল্লিককে তাঁরা ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং নূর আলম মল্লিককে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার (ওসি তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, ‘মা ও মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দু–এক দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। আর ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ছাড়া গতকাল মঙ্গলবার পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মা-মেয়ে ও নূর আলম মল্লিক।