মা-মেয়েকে পিটিয়ে গাছে বেঁধে রাখলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে সালিসে মা ও মেয়েকে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি মা-মেয়েকে একটি গাছের সঙ্গে প্রায় এক ঘণ্টা বেঁধে রাখেন। গত শনিবার উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার দুজন হলেন চাম্পা পারভিন ও তাঁর মা সোনাভান। চাম্পা মাহমুদপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের ঘটনায় রুবেলের মা ও বোন ইউপি চেয়ারম্যানের কাছে নালিশ করেন। এই প্রেক্ষাপটে শনিবার সকাল ১০টার দিকে গ্রামের এক ব্যক্তির বাড়ির সামনে সালিস বসে। সেখানে ইউপি চেয়ারম্যান আবদুর রহমানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান রুবেলের স্ত্রী চাম্পার কাছে পারিবারিক বিরোধের ঘটনা জানতে চান। তখন চাম্পা তাঁদের পারিবারিক সমস্যার কথা বিস্তারিত বলতে শুরু করেন। একপর্যায়ে চেয়ারম্যান তাঁকে থামতে বলেন। কিন্তু চাম্পা কথা বলতেই থাকেন। এতে চেয়ারম্যান উত্তেজিত হয়ে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু করেন। মেয়েকে বাঁচাতে চাম্পার মা সোনাভান চেয়ারম্যানের কাছে মিনতি করেন। তখন চেয়ারম্যান তাঁকেও পেটান। একপর্যায়ে সোনাভান চেয়ারম্যানকে চড় মারতে উদ্যত হন। তখন চেয়ারম্যান আবদুর রহমানসহ কয়েকজন মিলে সোনাভানকে চুলের মুঠি ধরে বেধড়ক পেটান। পরে তাঁরা মা-মেয়েকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। প্রায় এক ঘণ্টা পর গ্রামের লোকজন তাঁদের মুক্ত করেন।

গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে জানতে চাইলে সোনাভান প্রথম আলোকে বলেন, ‘ইউপি চেয়ারম্যান আমার বেয়াইনের আত্মীয়। এ কারণে সালিসে পক্ষ নিয়ে চেয়ারম্যান আমাকে ও আমার মেয়েকে অন্যায়ভাবে লাঠিপেটা করেন। গাছে বেঁধে রাখেন। চেয়ারম্যান ও তাঁর লোকজন আমাদের হাসপাতালে যেতে দিচ্ছেন না।’

 ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘সালিসে মেয়েটি আমাকে মারতে উদ্যত হয়েছিল। এ কারণে তাদের মা ও মেয়েকে চড়থাপ্পড় মেরেছি। গ্রামের লোকজনই ক্ষিপ্ত হয়ে মা ও মেয়েকে লাঠিপেটা করেছে।’

গতকাল রাত নয়টার দিকে জানতে চাইলে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ খবর পাওয়ার পর সালিসে চেয়ারম্যানের নির্যাতনের শিকার মা ও মেয়েকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।