মা-মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মা-মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ভাউড়িরচর গ্রামের পীরপদ দাশ ২০১২ সালে প্রতিবেশী শিবপদ দাশের কাছ থেকে ১০ শতক জমি কেনেন। তবে চার বছর পরও দলিল করে দেননি শিবপদ দাশ। বিষয়টি নিয়ে রোববার দুপুরে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। এর জের ধরে বিকেলে শিবপদ দাশের ছেলে সবুজ দাশ, কার্তিক দাশ ও তাঁদের সহযোগীরা পীরপদ দাশের বাড়িঘর ভাঙচুরের চেষ্টা চালান। ঠেকাতে গেলে তাঁর স্ত্রী সঞ্জুরী দাশ ও মেয়ে রত্না রানী দাশকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়। প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।
মঙ্গলবার পীরপদ দাশের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দরজা-জানালা বন্ধ। সাংবাদিক পরিচয় পেয়ে ঘরের দরজা খোলেন রত্না দাশ। তিনি বলেন, ‘বাবা বাড়িতে ছিলেন না। মাকে পেটানোর সময় ঠেকাতে গেলে আমাকেও তাঁরা মারধর করে। এ সময় আমাদের গলার সোনার চেইন, কানের দুল ছিনিয়ে নেয়। সোমবার বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।’
শিবপদ দাশের বাড়িতে গিয়ে তাঁর ছেলেদের পাওয়া যায়নি। বাড়ির নারী সদস্যরা তাঁদের মুঠোফোন নম্বর দিতে রাজি হননি। পরে তাঁদের মুঠোফোন নম্বর জোগাড় করে ফোন দিলে সবুজ দাশ বলেন, ‘আমি খুলনায় থাকি। বাড়িতে কী হয়েছে আমি জানি না।’ ‘রং নম্বর’ বলে ফোন কেটে দেন সবুজ দাশ।
সালামাবাদ ইউনিয়ন পরিষদের ((ইউপি) চেয়ারম্যান শামীম আহম্মেদ বলেন, বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে। আগামীকাল শুক্রবার দুপক্ষকে নিয়ে বৈঠকে বসব।
কালিয়া থানার ওসি আবদুল গণি মিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আপস-মীমাংসা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।