মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আজ সোমবার সকালে মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। আর নিহত নারীর ভাই দাবি করেছেন, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর বোন মেয়েসহ আত্মহত্যা করেছেন।
উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলস্টেশন এলাকা থেকে জাহানারা বেগমের (৩০) খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। আর সেখান থেকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর দুই বছর বয়সী মেয়ে ইমা বেগমের মৃত্যু হয়। জাহানারা উপজেলার কটারকোনা গ্রামের মছদ্দর আলীর স্ত্রী। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে মনু রেলস্টেশনের কাছে রেললাইনের পাশ থেকে আশপাশের লোকজন শিশুর কান্নার শব্দ শুনতে পায়। একপর্যায়ে তারা সেখানে গিয়ে হাত কাটা অবস্থায় একটি শিশুকে কান্নারত দেখে। পাশে এক নারীর খণ্ডিত মৃতদেহ পড়ে ছিল। হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে শিশুটি মারা যায়। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন মা-মেয়েকে শনাক্ত করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী প্রথম আলোকে বলেন, ভোরে কোনো এক ট্রেনে মা-মেয়ে কাটা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জাহানারার স্বামীর খোঁজ করে তাঁকে বাসায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে জাহানারার স্বামী মছদ্দর আলীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
জাহানারার বড় ভাই আশিক আলী অভিযোগ করেন, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাঁর বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গতকাল রাতেও তাঁর বোন ফোন করে জানিয়েছেন, স্বামী তাঁর ওপর নির্যাতন করেছেন। ভাইয়ের দাবি, নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর বোন মেয়েসহ আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় মামলা করার কথা জানান তিনি।