মা-মেয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুরে টাঙ্গালিয়াপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে শোয়ার ঘরের বিছানা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মায়ের নাম নাজমা বেগম (৪০) ও মেয়ে জোছনা খাতুন (১৩) বছর।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অভিযোগ, নাজমা খাতুনের দ্বিতীয় স্বামী আবদুর রফিক গত বুধবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রফিক বর্তমানে পলাতক।
নাজমা খাতুনের মা রাবেয়া বেগম অভিযোগ করেন, আগের স্বামী যৌতুকের জন্য নাজমাকে তাড়িয়ে দেন। দ্বিতীয় স্বামী রফিক নিজের বাড়িতে নেননি নাজমাকে। নাজমা দিনমজুরি করে নিজের ও মেয়ের খরচ জোগাতেন। কিন্তু রফিক প্রায়ই টাকার জন্য নাজমার বাবার বাড়িতে এসে নাজমাকে নির্যাতন করতেন। গত বুধবার সন্ধ্যায়ও রফিক আসেন। এ সময় নাজমা ও রফিকের মধ্যে ঝগড়াও হয়। রাতে ঝড়বৃষ্টি শুরু হলে নাজমার ঘরেই রফিক থেকে যান। সকালে ঘরের বিছানায় মা-মেয়ের লাশ পাওয়া যায়।
রাজীবপুর থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবদুর রফিক পলাতক।