মা-মেয়ের লাশ উদ্ধার : শাশুড়িসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ময়নাতদন্ত শেষে আজ বুধবার বিকেলে দুজনের দাহ সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বোয়ালখালীর দক্ষিণ সােরায়ারতলী এলাকার শীলপাড়ার অসীম শীলের ঘর থেকে তাঁর স্ত্রী শেলী শীল ও পাঁচ বছর বয়সী মেয়ে অন্তরা শীলের লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের মধ্যে খাটের ওপর ছিল অন্তরার লাশ। আর ফ্যানের সঙ্গে ঝুলছিল শেলীর লাশ। এ ঘটনায় রাতেই শেলীর মা মিনতী রানী শীল বাদী হয়ে শেলীর স্বামী অসীম শীল, শাশুড়ি সবিতা রানী শীল, মামাশ্বশুর সুকুমার শীল, দুই ননদ ও ননদের স্বামীসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন বোয়ালখালী থানায়।
পুলিশ গতকাল রাতে বাড়ি থেকে শাশুড়ি সবিতা রানী শীলকে এবং আজ বুধবার দুপুরে পটিয়া থেকে মামাশ্বশুর সুকুমার শীলকে আটক করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা যাবে না। তিনি বলেন, ‘শিশুটিকে খুন করা হয়েছে। মা নিজেই খুন করে আত্মহত্যা করেছেন, নাকি কেউ মা-মেয়েকে খুন করেছে, তা তদন্ত শেষ না হওয়ার আগে বলা যাচ্ছে না। বিষয়টি রহস্যজনক। ঘটনার পর থেকে মামলার আসামি ও নিহতের স্বামী অসীম শীল পলাতক রয়েছেন। এ কারণে তাঁকেও পুলিশ সন্দেহ করছে।’
মামলার এজাহারে শেলীর মা উল্লেখ করেছেন, যৌতুক না পেয়ে আসামিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহত শেলীর ভাই সুজন শীল আজ বিকেলে দাবি করেন, যৌতুকের জন্য প্রায়ই তাঁর বোনকে স্বামী অসীম মারধর করতেন। বছরখানেক আগে প্রচণ্ড মারধর করলে তাঁর বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তারপরও থেমে থাকেনি তাঁর বোনের ওপর নির্যাতন। তাঁর দাবি, বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছে শ্বশুরবাড়ির লোকজন।