মা-শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরও এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রসূতি ও নবজাতকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নজরুল ইসলাম নামে আরও এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমাউল হক প্রথম আলোকে বলেন, আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ঢাকা থেকে খুলনাগামী ইগল পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি মায়ের পেটের শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। গুলিবিদ্ধ হয়ে ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।