মাংস পাচারের জন্য হত্যা করা হয় বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের মাংস দিয়ে ওষুধ তৈরি করা হয়। এ কারণে একটি চক্র বাঘ হত্যা করে মাংস চীনে পাচার করছে। এভাবে বাঘ হত্যার কারণে হুমকির মুেখ পড়েছে সুন্দরবনের বেঙ্গল টাইগার। গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
বাগেরহাট থেকে বাঘের চামড়া, মাথা, দাঁত ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার ও এর সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তারের পর ওই সংবাদ সম্মেলন করা হয়। গ্রেপ্তার তিনজন হলো মো. দেলোয়ার শেখ (৩৪), মো. নূরুজ্জামান শেখ ও মো. কবির হাওলাদার (৪০)। তারা সবাই শরণখোলার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে ১১টার দিকে র্যাবের বরিশাল কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তি স্বীকার করেছে, এর আগে এই চক্র আটটি বাঘ হত্যা করেছে। তারা গরুর মাংসের সঙ্গে বিষ মিশিয়ে, ফাঁদ পেতে ও গুলি করে বাঘ শিকার করে। পরে এর মাংস ও শরীরের বিভিন্ন অংশ দেশে ও দেশের বাইরের পাচারকারীদের হাতে তুলে দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অভিযান পরিচালনাকারী র্যাব-৮ বরিশালের উপ-অধিনায়ক মেজর আদনান। তিনি জানান, এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে ব্যাবের ডিএডি মাহবুব বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
এ ব্যাপারে র্যাব-৮ বরিশালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগার মারার পর এর মাংস চীনে পাচার করছে একটি চক্র। সেখানে বাঘের মাংস দিয়ে বিশেষ ধরনের ওষুধ তৈরি হয়। একটি প্রভাবশালী পাচার দল বাঘ হত্যার সঙ্গে জড়িত।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।