মাংসে ফরমালিন দুজনের কারাদণ্ড
গাইবান্ধায় ফরমালিন মিশিয়ে গরুর মাংস বিক্রি করার অপরাধে দুজনকে কারাদণ্ড এবং নানা অপরাধে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল নির্বাহী হাকিম নাজমুল হুদা ও মেজবাহ উদ্দিনের নেতৃত্বে গাইবান্ধা শহরের হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফরমালিন মিশিয়ে মাংস বিক্রির অপরাধে গাইবান্ধা সদর উপজেলার পুলবন্দি এলাকার সায়েদ আলীকে ১৫ দিন ও নজরুল ইসলামকে সাত দিন কারাদণ্ড এবং প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকালই তাঁদের কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া ওজনে কম দেওয়ার অভিযোগে মাছ ব্যবসায়ী সুনীল দাসের ৫০০ টাকা এবং প্রাণকান্ত সরকারের ৩০০ টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে চারজন ফল ব্যবসায়ীকে ২০০ টাকা করে জরিমানা করা হয়। মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্বাহী হাকিম নাজমুল হুদা সাজা দেওয়া কথা নিশ্চিত করেছেন।