মাইকে ঘোষণা দিয়ে লোক এনে অবৈধ সংযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরর্কীতি গ্রামের গ্যাসের অবৈধ সংযোগ ৮ নভেম্বর বিচ্ছিন্ন করা হয়েছিল। গতকাল সকালে আবার সেই সংযোগ লাগানো হয় l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরর্কীতি গ্রামের গ্যাসের অবৈধ সংযোগ ৮ নভেম্বর বিচ্ছিন্ন করা হয়েছিল। গতকাল সকালে আবার সেই সংযোগ লাগানো হয় l ছবি: প্রথম আলো

মাত্র আট দিন আগে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করে গতকাল বুধবার তা পুনরায় চালু করা হলো। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও বিক্ষোভের মুখে অসহায় হয়ে ফিরে যান। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি গ্রামের কাছে তিতাসের প্রধান পাইপ ছিদ্র করে দুই বছর আগে এলাকার ৩০টি গ্রামে অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়া হয়। ৮ নভেম্বর তিতাস গ্যাসের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের সহযোগিতায় তা বিচ্ছিন্ন করেন। কিন্তু গতকাল ভোরে এলাকার বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে, বিশেষ করে নারীদের ঘটনাস্থলে জড়ো করা হয়। প্রায় ৬০০ নারী ও ৩০০ পুরুষ সেখানে উপস্থিত হলে নতুন করে অবৈধ সংযোগ দেওয়া শুরু হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত ও সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম সকাল ১০টায় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন। তখন এলাকাবাসী তাঁদের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। বেলা একটার মধ্যে এলাকার সব বাড়িতে আবার অবৈধ গ্যাস পৌঁছে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া হাড়িয়া গ্রামের আলেয়া বেগম বলেন, ‘সারা উপজেলায় অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে। সেগুলো বিচ্ছিন্ন না করা পর্যন্ত আমাদের সংযোগ বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না।’
সোনারগাঁ থানার এসআই নাজমুল আলম বলেন, ‘পরে আমাদের সামনেই অবৈধ সংযোগ দেওয়া হয়। শত শত নারীর বিক্ষোভের মুখে আমরা অসহায় হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি।’
এদিকে পুলিশ বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে যায়। প্রতিবাদে দুই শতাধিক নারী সোনারগাঁ থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ থানার প্রধান ফটক ভেতর থেকে তালা মেরে দেয়। একপর্যায়ে পুলিশ থানার ভেতরে ঢুকে পড়া সাতজনকে আটক করে। খবর পেয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা থানায় যান। তাঁরা এক সপ্তাহের মধ্যে অবৈধ গ্যাস-সংযোগ অপসারণের বিষয়ে লিখিত আশ্বাস দিলে আটক ব্যক্তিদের ছেড়ে দেয় পুলিশ।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা যেকোনো মূল্যে এসব অবৈধ সংযোগ আবারও বিচ্ছিন্ন করব।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলুও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে নারীদের জড়ো করায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে আবারও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’