হবিগঞ্জ সদর উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাতজন গুলিবিদ্ধসহ প্রায় ৬০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার সুরাবই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে হবিগঞ্জ সদরের কান্দিগাঁ গ্রামের জামাল সরদার সুতাং বাজার থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করে বাড়িতে যেতে চান। কিন্তু ইজিবাইকচালক সুরাবই গ্রামের আল-আমিন তাঁকে বাড়িতে নিয়ে যেতে রাজি হননি। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পর গতকাল সকালে জামাল এবং তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সইলজুরা গ্রামের তকসির মিয়া কান্দিগাঁ গ্রামের মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে সুতাং রেলস্টেশন মাঠে জড়ো হওয়ার আহ্বান জানান। তাঁদের ডাকে সাড়া দিয়ে সইলজুরা ছাড়াও পাশের বঙ্গরহাটি ও শরীফাবাদ গ্রামের লোকজনও সেখানে জড়ো হন।
সব মিলিয়ে ৫০০ জন একজোট হয়ে সকাল সাড়ে ১০টার দিকে ইজিবাইকচালক আল-আমিনের সুরাবই গ্রামে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। সুরাবই গ্রামের লোকজন এই হামলা প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৬০ জন আহত হন। তাঁদের মধ্যে হেলিম হোসেন (৪০), লেদু মিয়া (৪৫), কবীর মিয়া (৪০), শাহজাহান মিয়া (৪৪), বশির উদ্দিন (২৫), জোনাহিদ আহমেদ (২৫), আজদু মিয়া (২০), জাহির মিয়া (২৬), নুরুজ আলী (২৭), রবিউল হোসেন (২৬), শামীম মিয়া (২৫), শাহজাহানসহ (২৩) ২৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে শামীম মিয়াসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে আটজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুরাবই গ্রামের কাউসার আলম অভিযোগ করেন, তুচ্ছ ঘটনা নিয়ে জামাল সরদারের বাড়াবাড়ির কারণে এ সংঘর্ষ বেধেছে। তিনি ও তাঁর ঘনিষ্ঠজন তকসির মিয়া মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সুরাবই গ্রামে হামলা করেছেন। এ বিষয়ে জামাল সরদার বলেন, সুরাবই গ্রামের লোকজন এলাকায় আধিপত্য বিস্তার করে চলেছেন। এ কারণে এলাকাবাসী তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।