মাইকে ঘোষণা দিয়ে হামলা, চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর গ্রামে আসামি ধরতে গিয়ে গৌরীপুর থানার পুলিশ হামলা শিকার হয়েছে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। গত বুধবার রাতে একটি বাউলগানের আসর থেকে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে এই হামলা চালানো হয়।
হামলায় আহত ব্যক্তিরা হলেন গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান ও আশেক রব্বানী, পুলিশ সদস্য মো. শাহিন। শাহিনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গৌরীপুর থানায় করা একটি মামলার আসামি ধরতে বুধবার রাতে ঈশ্বরগঞ্জের মরিচারচর গ্রামে অভিযান চালায় পুলিশ। এতে গৌরীপুর থানার এসআই মিজানুল ইসলামসহ পুলিশের নয়জন সদস্য অংশ নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান। পরে গ্রামের নতুন চর এলাকায় একটি বাউলগানের আসরে গিয়ে আসামিরা বলেন, গ্রামে ডাকাত এসেছে। এ কথায় সেখানে থাকা মাইকে ডাকাত আসার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শুনে মানুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করেন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে চলে আসে।